মধ্য রাতে হবে উল্কা বৃষ্টি, দেখা যাবে উপমহাদেশের আকাশেও!
আকাশপ্রেমীদের জন্য দারুণ খবর!
আগামী ১২ ও ১৩ আগস্ট বাংলাদেশের আকাশ এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই সময়ে রাতের আকাশে উল্কার ঝলকানি হবে সবচেয়ে বেশি, যা খালি চোখেও উপভোগ করা যাবে।
এটি মূলত পার্সেইড উল্কাবৃষ্টি (Perseids Meteor Shower), পার্সেইড উল্কাবৃষ্টি ঘটে প্রতি বছর আগস্টের দিকে, যখন পৃথিবী ধূমকেতু 109P/Swift–Tuttle-এর রেখে যাওয়া ধূলিকণা ও গ্যাসের লেজের মধ্য দিয়ে অতিক্রম করে। এই ধূলিকণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে প্রচণ্ড গরম হয় এবং আলোকিত রেখা তৈরি করে, যাকে আমরা উল্কা বলি। পার্সেইডের উল্কাগুলো সাধারণত দ্রুতগামী ও উজ্জ্বল, অনেক সময় রঙিনও দেখা যায়। এদের উৎস নক্ষত্রমণ্ডল Perseus-এর দিক থেকে আসছে বলে এদের এই নামকরণ।
১৩ আগস্ট ভোররাতে এর তীব্রতা থাকবে সর্বোচ্চ। সে সময় প্রতি ঘণ্টায় অনেক উল্কা দেখা যেতে পারে। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তবে দেশের প্রায় সব অঞ্চল থেকেই এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখা সম্ভব হবে।
এই উল্কাবৃষ্টি দেখার জন্য কোনো টেলিস্কোপের প্রয়োজন নেই। শুধুমাত্র শহরের আলো থেকে দূরে কোনো অন্ধকার ও খোলা জায়গায় গেলে এই দৃশ্যটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে।
কলমেঃ এস এম ইফতেখার আলম



